শীত আর খুব বেশি দিনের সঙ্গী নয়। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, আর যে কোনো দিন হঠাৎ করেই বিদায় নিতে পারে শীতকাল। অথচ বছরের এ সময়েই সবচেয়ে ভালো, রসালো ও সুস্বাদু কমলালেবু পাওয়া যায়। তাই শীত থাকতে থাকতেই যদি কিছু কমলালেবু সংরক্ষণ করে রাখা যায়, তাহলে বসন্ত এলেও নিয়মিত এই ফল খাওয়া সম্ভব।
কিন্তু প্রশ্ন হলো- সপ্তাহের পর সপ্তাহ কমলালেবু তাজা রাখবেন কিভাবে? সঠিক পদ্ধতি জানলে বিষয়টি মোটেই কঠিন নয়।
ফ্রিজেই রাখুন ভরসা
স্বল্প সময়ের জন্য কমলালেবু সংরক্ষণ করতে চাইলে ফ্রিজই সবচেয়ে ভালো উপায়। কম তাপমাত্রায় ফল ও সবজিতে সহজে পচন ধরে না। ফ্রিজে কমলালেবু রাখলে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত তা বেশ তাজা থাকে এবং স্বাদেও তেমন পরিবর্তন আসে না।
প্রয়োজনে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে চাইলে ডিপ ফ্রিজেও কমলালেবু সংরক্ষণ করা যেতে পারে।
ধুয়ে না রাখা
অনেকে বাজার থেকে ফল-সবজি আনার পরপরই পানিতে ধুয়ে রাখেন, যাতে খোসায় লেগে থাকা ময়লা বা কীটনাশক পরিষ্কার হয়। তবে কমলালেবু সংরক্ষণের ক্ষেত্রে এটি ঠিক নয়। সংরক্ষণের আগে কমলালেবু পানিতে ধোয়ার দরকার নেই। বরং একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন, তারপর ফ্রিজে রাখুন। খাওয়ার ঠিক আগেই ধুয়ে নেওয়াই সবচেয়ে ভালো। কারণ আগে ধুয়ে রাখলে খোসায় আর্দ্রতা বেড়ে যায়, যা কমলালেবু দ্রুত পচে যাওয়ার অন্যতম কারণ।
জ়িপলক ব্যাগ ব্যবহার করুন
কমলালেবু সংরক্ষণের জন্য জ়িপলক ব্যাগ বেশ কার্যকর। পুরো কমলালেবু জ়িপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখলে সেগুলো ২–৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। চাইলে খোসা ছাড়িয়ে শুধু কমলালেবুর কোয়াগুলোও জ়িপলক ব্যাগ বা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যায়। এতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাও সহজ হয়।
অন্য ফল থেকে আলাদা রাখুন
কমলালেবু কখনই আপেল, কলার মতো ফলের সঙ্গে রাখবেন না। শুধু তাই নয়, এমন কোনো ফল বা সবজির পাশেও কমলালেবু রাখা উচিত নয়, যেগুলো থেকে গ্যাস নির্গত হয়। এতে শুধু কমলালেবু দ্রুত পচে যায় না, বরং আশপাশের ফল-সবজিও নষ্ট হয়ে যেতে পারে। তাই কমলালেবু সব সময় আলাদা জায়গায় সংরক্ষণ করুন— এই ভুলটি এড়িয়ে চললেই ফল থাকবে অনেক দিন টাটকা।
মন্তব্য করুন