নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২নং আমিরাবাদ ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং স্থানীয় অধিবাসীদের সার্বিক নিরাপত্তা জোরদারে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ’র উদ্যোগে থানার সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় আয়োজিত এ সভায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় আমিরাবাদ ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে তাদের মতামত ও নানা পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মারুফ, খলিল চৌধুরী, সাইফুল ইসলাম, খোকন সুশীল, আবুল কালাম আজাদ, মোক্তার হোসেন, মিনহাজ উদ্দিন, ফাহাদ চৌধুরী, কলিম উল্লাহ চৌধুরী, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ মিজান ও নূর মিনহাজ উদ্দিন। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা গ্রাম পুলিশ জহির উদ্দিন ও ছাবের আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোকপাত করে বলেন, “একটি সুন্দর, শান্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সাথে সাধারণ মানুষের সমন্বিত চেষ্টা প্রয়োজন। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও সার্বিক অপরাধ নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”
তিনি আরও যুক্ত করে বলেন, “জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে লোহাগাড়া থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন ধরনের অপরাধী বা প্রভাবশালীদের ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে অপরাধের শিকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে উঠতি বয়সের তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষকে সচেষ্ট হতে হবে। পুলিশ ও জনতার এই যৌথ উদ্যোগ লোহাগাড়াকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদে পরিণত করবে।”
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ লোহাগাড়া থানার এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন