আজাদী বার্তা ডেক্স:
বাংলাদেশের জন্য সুখবর দিল জাতিসংঘ। ডিজিটাল সরকারি সেবার সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রগতির স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৭তম। আগের মূল্যায়নের তুলনায় তিন ধাপ এগিয়েছে দেশ।
২০২৪ সালের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। নতুন প্রতিবেদনে দেশের ইজিডিআই স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩, যা বাংলাদেশের এ যাবৎকালের সর্বোচ্চ।
এ অর্জনের মধ্য দিয়ে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেও নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সূচকের দুটি গুরুত্বপূর্ণ উপাদানেও এবার সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর হয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। এবারের মূল্যায়নে ডিজিটাল সরকারি সেবার বৈশ্বিক তালিকায় শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়া।
ইজিডিআইয়ের মাধ্যমে একটি দেশের সরকারি সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদের সক্ষমতা মূল্যায়ন করা হয়। তিনটি সূচকের সমন্বয়ে নির্ধারিত হয় একটি দেশের সামগ্রিক অবস্থান। এগুলো হলো অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে বিশ্বে গড় ইজিডিআই স্কোর বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬৭৫। ২০২৪ সালে এই গড় স্কোর ছিল ০.৬৩৮২। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বৈশ্বিক গড় স্কোর বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এ হিসাবে বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
অন্যদিকে বিশ্বজুড়ে ডিজিটাল সরকারি সেবার বিস্তারের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২৬ সালে মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ উচ্চ অথবা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে রয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩৮।
মন্তব্য করুন