নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ অক্টোবর (শুক্রবার) বিকেলে হাতি মারা পুকুর পাড় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মোহাম্মদ রাসেল।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এমন জমকালো টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মানুষের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি হবে। ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আমার সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।”
এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকারিয়া, লোহাগাড়া উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন এবং নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সবুর।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং টুর্নামেন্টের আয়োজক নাছির, হেলাল, খানে আলম, হাসান, শহিদ, জিহাদ, হোসেন ও ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন