নিজস্ব প্রতিবেদক:
গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়ে চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি ও জামায়াতকে এক মঞ্চে এনে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির দেখালেন লোহাগাড়ার সন্তান রকি বড়ুয়া।
দ্বীর্ঘ কয়েক যুগের ইতিহাসে বৃহৎ রাজনৈতিক প্রতিপক্ষকে এই প্রথমবার শান্তিপূর্ণ ভাবে এক মঞ্চে দেখতে পেলেন লোহাগাড়াবাসী।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অথিতি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান লোহাগাড়ার সন্তান বিবিবিলা শান্তি বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার-এর প্রধান সম্পাদক রকি বড়ুয়া।
এর আগে সকালে ধর্মীয় আচার মেনে প্রথম পর্বে ধর্মদেশনা প্রদান করেন-ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। ভোরের আলো ফুটতেই ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাজে ও পূজার সামগ্রী হাতে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। পুণ্যার্থীরা গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা। সারাদিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও চলে বিশেষ প্রার্থনা।
প্রধান অথিতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন বলেন- সকল ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা সুদৃঢ় করে। তাই সরকার সকল ধর্মের ধর্মগুরুদের সম্মানার্থে চালু করেছেন সম্মানী ভাতা। শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। সে শিক্ষা তাঁর উত্তরসূরিও পেয়েছেন। তাই নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশে আর আসতে পারবে না। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণের সরকার, তাই বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন- ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি মন্দিরের অবকাঠামো ও শ্মশানের জন্য অনুদান আশ্বাস দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান- জনগনণের প্রতি দ্বায়বদ্ধতা আছে বলেই আমরা জনগনের কাছে ফিরে আসি। ফ্যাসিস্টের পদাংক অনুসরণ করা যাবেনা। হাসিনার মতো যেনো দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।
এমন একটি রাজনৈতিক সম্প্রীতির জাদুময় সমন্বয়ের বিষয়ে জানতে চাইলে বিহার কমিটির সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার-এর প্রধান সম্পাদক বাবু রকি বড়ুয়া বলেন- দূর্গম এই প্রত্যন্ত গ্রামে মন্ত্রী মহোদয় এসেছেন, তার জন্য আমরা বড়ুয়া সম্প্রদায় কৃতজ্ঞ। মন্ত্রী মহোদয় ও স্থানীয় সংসদ সদস্য এই এলাকার রাস্তা-ঘাট ও মানুষের জীবনযাত্রা নিজ চোখে দেখে গেছেন।
আশা করি এবার হয়তো কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগবে এই এলাকায়। তাছাড়া দুই রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের একটি সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এক মঞ্চে বসাতে পারাটা সম্প্রীতির একটি দৃষ্টান্ত হয়ে থাকলো, মনেপ্রাণে আন্তরিকভাবে চেয়েছিলাম বলেই এমন অসম্ভবকে সম্ভব করতে পেরেছি বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও বিহার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন