নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়ায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বায়েজীদ-বিন আখন্দ।
সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ-বিন-মাহমুদ, সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভুইঁয়া, লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু জাফর প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ-বিন আখন্দ বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় আগামী ২৭ অক্টোবর সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হবে। আসন্ন এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
মন্তব্য করুন