বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে আগাম সতর্কতামূলক সচেতনতা অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এ কার্যক্রম সম্পন্ন হয়। অভিযানে বিশেষ করে সনাতন প্রযুক্তির পরিবেশবান্ধব নয় এমন ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট ইটভাটাসমূহে যাতে নতুন করে আগুন না দেওয়া হয়—সে বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়।
অভিযানকালে পরিদর্শক চন্দন বিশ্বাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইটভাটা পরিদর্শন করেন এবং মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বিতরণকৃত লিফলেট ও নির্দেশনায় জানানো হয়েছে, সনাতন প্রযুক্তির ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট ইটভাটায় কোনো অবস্থাতেই আগুন দেওয়া যাবে না। ইট তৈরিতে জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ফসলি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনকারী কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে পরিদর্শক চন্দন বিশ্বাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এসব নিয়ম অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে বা নিষিদ্ধ উপাদান ব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের আগাম সতর্কতামূলক প্রচার ও নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন