নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
সারাদেশে ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও জনপ্রিয় করার লক্ষ্যে এবং Bangla QR-এর ব্যবহার বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) লোহাগাড়ার উপজেলার পদুয়া বাজারের সিকো শপিং কমপ্লেক্সে পুবালী ব্যাংক পিএলসি, পদুয়া শাখার উদ্যোগে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় পুবালী ব্যাংক পিএলসি পদুয়া শাখার সম্মানিত ব্যবস্থাপক এম.ডি.জি তাজুল ইসলাম চৌধুরী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মেজবাহ উদ্দিন মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য্য, বনানী টিম্বার এন্ড স-মিল এর চেয়ারম্যান হোসেন আহমদ ও ব্যবসায়ী নূরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। পূবালী ব্যাংক পিএলসি গত কয়েক বছর ধরে ডিজিটাল ব্যাংকিং সেবা, স্মার্ট পেমেন্ট ব্যবস্থা এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস লেনদেন শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করার একটি আধুনিক পদ্ধতি। পদুয়া বাজারের সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে Bangla QR-এর মাধ্যমে নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করে তোলাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন