বিশেষ প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার চরম্বা শাহ্ ছোবহানিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতায় এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লোহাগাড়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘দুবাই বোরকা হাউস’-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক এরশাদ হোসেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টায় চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়া প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত মাদ্রাসা কার্যালয়ে এক সংক্ষিপ্ত ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সমাজসেবক এরশাদ হোসেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ আবদুল ছোবহানের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে দুবাই বোরকা হাউসের স্বত্বাধিকারী এরশাদ হোসেন বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। চরম্বা শাহ্ ছোবহানিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের ধর্মীয় ও সাধারণ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ কাজ বাস্তবায়নে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াতে পেরে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের সকলের সম্মিলিত ছোট ছোট সহযোগিতাই একটি সুন্দর ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে বড় ভূমিকা রাখতে পারে। সমাজের প্রতিটি বিত্তবান ও সুহৃদ ব্যক্তির উচিত এ জাতীয় দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের কল্যাণে এগিয়ে আসা। ইনশাআল্লাহ, আগামীতেও দ্বীনি শিক্ষা ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, চরম্বা মাইজবিলা মানবিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ আবদুল ছোবহান অনুদানের চেক গ্রহণ করে দুবাই বোরকা হাউসের স্বত্বাধিকারী এরশাদ হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের দ্বীনদার ও দানশীল মানুষের সহযোগিতা একান্ত কাম্য। পরবর্তীতে উপস্থিত সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, নতুন ভবনের দ্রত সমাপ্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন