বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজবিলা এলাকায় সরকারি খাস টিলা ও বন বিভাগের জমি দখল এবং বিক্রির অভিযোগ উঠেছে জিয়াবুল হক নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জিয়াবুল হক একই এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে চরম্বা মাইজবিলা এলাকায় রাতারাতি সরকারি খাস টিলা ও বন বিভাগের জমি দখল করে আসছেন। পরবর্তীতে দখল করা জমিগুলো নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে লাখ লাখ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শত বছর ধরে স্থানীয় বাসিন্দা মৃত নুরুল আলমের পুত্র আহমদ উল্লাহর ভোগদখলে থাকা একটি জায়গা জিয়াবুল হক জবরদখল করে তা বিক্রি করার পাঁয়তারা করছেন। এর আগে ২০২৪ সালে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে ১০ শতক সরকারি খাস টিলা জমি একই এলাকার আব্দুল আলিম কে ৬ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন অভিযুক্ত জিয়াবুল হক। গত এক বছর ধরে এলাকাটিতে সরকারের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখলের মহোৎসব চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, জিয়াবুল হকের অমানবিক নির্যাতন ও দাপটের কারণে ভুক্তভোগীরা অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।
এ বিষয়ে ভুক্তভোগী আহমদ উল্লাহ স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ভূঁইফোঁড় এই দখলদারের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে লাখ লাখ টাকার বিনিময়ে সরকারি খাস জমি বিক্রি করার কোনো আইনি বিধান আছে কি না—সে বিষয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রেখে দ্রুত তদন্ত ও প্রতিকার চেয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জিয়াবুল হকের কাছে জানতে চাইলে তিনি বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, সরকারি খাস টিলাটি কাউকে বিক্রি করিনি। আমার ভাই ইলিয়াছ এর ছেলে আব্দুল আলিমকে জায়গাটি ব্যবহারের জন্য দিয়ে দিছি।
বিষয়টি নিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি খাস জমি ও বন বিভাগের সম্পদ দখল বা বিক্রির কোনো আইনি সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন