নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯নং আধুনগর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের বরখাস্তের আদেশ ও কার্যকারিতা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (Show-cause) নোটিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত ০৫ নভেম্বর ২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীর মাধ্যমে আদালতে দাখিল করা রিট পিটিশন (নম্বর- ১৪৯৮১/২০২৬) সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৯ অনুযায়ী আইনসম্মতভাবে অনাস্থা প্রস্তাব ছাড়াই তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া গত ০৫.১০.২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্মারক মূলে তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শুনানি শেষে হাইকোর্ট উক্ত স্মারক দুটির কার্যকারিতা আগামী ৩ (তিন) মাসের জন্য স্থগিত করেন এবং বিবাদীদের ওপর রুল জারি করেন।
রিটকারী চেয়ারম্যানের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। আদালতের এই আদেশের ফলে তিনি পুনরায় তার দায়িত্ব পালনে আইনগত বাধা কেটেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
মন্তব্য করুন