চকরিয়া সংবাদদাতা:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ (নবী মিকারের বাড়ি) এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তাঁর মায়ের নাম মাবিয়া খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঘাতক কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত বাইক আরোহীর মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন