নিজস্ব প্রতিবেদক:
কৃষিজমির মাটি কাটা, পরিবেশবিধ্বংসী অবৈধ ইটভাটা পরিচালনা এবং প্রতিবাদকারীদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় অবৈধ কর্মকাণ্ড বন্ধসহ হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা ও কৃষিজমির মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ স্থানীয় গ্রামবাসীর ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের প্রতিবাদ দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, কৃষিজমির মাটি কাটা বন্ধ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা।
মানববন্ধনে স্হানীয় বাসিন্দা মো. ওসমান গণি, মো. কাইছার, মোস্তাফা কামাল, মো. বেলাল, গোলাম মোস্তাফা, মো. ফৌজুল কবির ও জানে আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন