আজাদী বার্তা ডেক্সঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ শ্বশুরবাড়ি থেকে ফারজানা (২৫) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা এলাকার ‘কানুমা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই বাড়ির মো. রিদুওয়ানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ভেতর ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ রিদুওয়ানের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে যাই। ভেতরে গিয়ে দেখি ফারজানার দেহ ঝুলছে। তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই সন্তানের এই জননীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বামী মো. রিদুয়ান জানান, তিনি কেরানীহাট এলাকায় একটি পানের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো সকালে দোকানে চলে যান। দুপুরে খাবার পাঠানোর জন্য স্ত্রীকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে বাড়িতে এসে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তারা আরও জানান, তার স্ত্রী গত এক-দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন,প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন