আজাদী বার্তা ডেক্সঃ
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবা ভাঙা গুঁড়াসহ একজন কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপর ১ জন কারবারি পালিয়ে গেছে।
সোমবার (১লা জুন) রাত ২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭ হাজার৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫), জেলা চুয়াডাঙ্গার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন