নিজস্ব প্রতিবেদক:
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনে বিভিন্ন উপজেলায় যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলীয় প্রার্থী যাচাই-বাছাই, জনমত পর্যালোচনা এবং সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা সংগ্রহের লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত লোহাগাড়া উপজেলার মধ্যে- আসহাব উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফোজুল কবির ফজলুকে সদস্য করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং সাধারণ জনমত গ্রহণ করে বাস্তবভিত্তিক পর্যালোচনার মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে জেলা বরাবর চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন।
দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ আশা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঠিক ও যোগ্য দলীয় সমর্থিত প্রার্থী নির্বাচন করা সম্ভব হবে।
মন্তব্য করুন