টেকনাফ সংবাদদাতাঃ
মিয়ানমারের অভ্যন্তরীন ভয়াবহ মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজার টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহর থেকে এ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এক সুত্র বলছে, মিয়ানমারের আরাকান রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক দখল করা এলাকাগুলো পুনরায় মিয়ানমারের জান্তা সরকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
তাই সেখানে অবস্থিত মিয়ানমারের বাহিনীগুলো ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দ্বন্দ্বের জেরে মর্টারশেল বিস্ফোরণ ঘটাচ্ছে। ওই বিস্ফোরণের আওয়াজ টেকনাফ সীমান্তে ভেসে আসছে।
হ্নীলার স্থানীয় বাসিন্দা নুর হোসাইন জানান, রাত সাড়ে ৯টা থেকে ৫ থেকে ৭ মিনিট পর পর উপর্যুপরি বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত হচ্ছি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুইয়ার ভাষ্যমতে, মিয়ানমারের অভ্যন্তরে শাহপরীর দ্বীপের পূর্বে মংডু শহরে বোম্পিং বা বোমা বিস্ফোরণ হচ্ছে বলে শুনে আমরা ব্যাটালিয়ন থেকে সীমান্তের শাহপরীর দ্বীপে যাচ্ছি। বিস্তারিত আরও পরে জানানো হবে। তবে মিয়ানমার প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন