নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় মোহাম্মদ সুরাইম নামের ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টার দিকে চুনতি ইউনিয়নে মিডওয়ে-ইন রেস্টুরেন্টের দক্ষিণে নলবনিয়া ৪নং ওয়ার্ডের দারুল কোরআন ইবতেদায়ী মাদরাসা গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইম একই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মাদরাসা গেইটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী ‘হানিফ পরিবহন- (ঢাকা মেট্রো-ব ১৪-২৯৭১)’-এর একটি দ্রুতগামী বাস শিশু সুরাইমকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার বেসরকারী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, “ঘটনার বিষয়ে আমরা আগে খবর পাইনি, আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন