নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে খেলার মাঠে জমে থাকা হাঁটু পানিতে ডুবে মোহাম্মদ আকসান নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২০ জুন (শনিবার) বাড়ির সামনের ফুটবল মাঠে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আকসান সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার শিক্ষক এবং আমিরাবাদ পুরাতন বিওসি স্টেশন জামে মসজিদের পেশ ইমাম, ৭ নং ওয়ার্ডের মাওলানা আব্দুর রউফ বাড়ির জনাব মোরশেদ হুজুরের ছোট সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির সামনে ফুটবল মাঠে খেলতে গিয়ে আকস্মিকভাবে জমে থাকা হাঁটু পানিতে পড়ে যায় শিশু আকসান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাত্র ৬ বছরের নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির জানাজা আজ আসরের নামাজের পড়ে রহমানিয়া মাদরাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
নিষ্পাপ এই শিশুর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত ও মা-বাবার ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন