নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে পালিত হলো “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬”।
গত ১লা আগস্ট ২০২৬ খ্রি. তারিখ থেকে শুরু হয়ে ৭ই আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত সপ্তাহব্যাপী এই পুষ্টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই মহতী কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।
এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল— “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”। মা ও শিশুর সুস্থ, সুন্দর ও পুষ্টিকর ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে পুরো সপ্তাহজুড়ে লোহাগাড়ার বিভিন্ন স্তরের মানুষের মাঝে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সপ্তাহব্যাপী পরিচালিত মূল কার্যক্রমসমূহের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের বিশেষ কাউন্সিলিং ক্যাম্প এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ক বিশেষ স্ক্রিনিং ক্যাম্প। এছাড়া নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় স্কুল ও কলেজভিত্তিক মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে পরিবার ভিত্তিক সহায়ক সভা এবং এলাকার ধর্মীয় উপাসনালয় ও মসজিদসমূহে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
একই সাথে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও মাতৃদুগ্ধ শিশু খাদ্য নিয়ন্ত্রণ নিশ্চিতকল্পে স্থানীয় বাজার ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
গত ৭ই আগস্ট কর্মসূচির শেষ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে ৭ম দিনে মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানান, “মা ও শিশুর সুস্থ-সুন্দর ভবিষ্যৎ গড়তেই আমাদের এই বিশেষ উদ্যোগ। আসুন, আমরা সবাই মিলে শিশুদের মাতৃদুগ্ধ পানে উৎসাহিত করি এবং একটি পুষ্টিকর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”
উল্লেখ্য, উক্ত আয়োজনে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সহযোগী সংস্থাসমূহ (যেমন: WHO, UNICEF, FAO, Save the Children, World Vision, GAIN, Nutrition International, Helen Keller, Jhpiego প্রভৃতি) সার্বিক সহযোগিতা প্রদান করে।
মন্তব্য করুন