মীরসরাই সংবাদদাতাঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন অমান্য করায় ৫টি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বাজারগুলোতে ওষুধ সংক্রান্ত বিভিন্ন আইনের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মীরসরাই বাজার কলেজ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অর্থাৎ চিকিৎসকদের জন্য নির্ধারিত নমুনা বাণিজ্যিক উদ্দেশ্যে মজুত ও বিক্রয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনা করে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এর মধ্যে হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূঞা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়নে আমরা এই অভিযান পরিচালনা করেছি। কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া এবং জীবনরক্ষাকারী ওষুধের মেয়াদ শেষ হওয়ার পরেও তা বিক্রি করছিলেন, যা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
অপরাধের ধরণ বিবেচনা করে আমরা জরিমানা করেছি এবং ব্যবসায়ীদের সতর্ক করেছি। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউশন বা মামলা প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো: আবিদ আহসান এবং মো: ফজলুল হক।
অভিযান চলাকালীন মীরসরাই থানা পুলিশের একটি দল এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আর এ ধরণের অবৈধ কার্যক্রম করবে না মর্মে মুচলেকা প্রদান করে এবং স্পটেই জরিমানার টাকা আদায় করা হয়।
মন্তব্য করুন