নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯ ঘটিকায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল আলম একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় জমিতে চাষ শেষে রাস্তায় উঠার সময় অসাবধানতা বশতঃ একটি দ্রুতগামী মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন