নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের বডির ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহাসড়কে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কক্সবাজার দিক থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে (রেজিঃ নং- ঢাকা মেট্টো-গ-৩১-৪৮৬৩) থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেতরের আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়।
পরবর্তীতে তল্লাশিকালে প্রাইভেটকারটির বাম পাশের পেছনের সিটের চাকার উপরে বডির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সংগৃহীত ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, পলাশ মাহমুদ (৩৬), মোঃ সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪),নুসরাত জাহান ইভা (১৯)।
এ বিষয়ে লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস জানান, “কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকা থেকে প্রাইভেটকারটি আটক করা হয়। আসামিরা অত্যন্ত চতুরতার সাথে গাড়ির কাঠামোর ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকের উৎস ও এর পেছনের সিন্ডিকেটকে চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন