নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ ব্যারাকে ঘুমন্ত অবস্থায় মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শক (এসআই) এর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে যান। পরে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।
জানা যায়, নিহত মো. আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তিনি দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়াটার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান গত ৪ দিন ধরে সে বুকে ব্যাথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লোহাগাড়া থানার এক এসআই স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। তার পরিবারের সদস্যরা আসছেন। কর্মস্থল লোহাগাড়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ ২য় জানাজার জন্য চট্টগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন