নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে চলছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবীতে ১৭ তম দিবসে অতিথি হয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দীর্ঘ ৫৬ বছরের পথচলায় এই মাহফিল আজ শুধু চুনতি কিংবা লোহাগাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা ও লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি পরিণত হয়েছে সীরাতচর্চা, ইসলামী শিক্ষা ও মানুষের মিলনের এক অনন্য আয়োজনে।
তিনি আরও বলেন-প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের ন্যায়, ইনসাফ, মানবিকতা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মাহফিলে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এ দেশের মানুষ সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস নয়। আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে হবে।
চুনতীর এই ঐতিহাসিক সীরাত মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী (সা.)-এর আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দিক। মানুষের হৃদয়ে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করার জন্য মহান রবের নিকট প্রার্থনা করেছেন তিনি।
মন্তব্য করুন