নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে বান্দরবান সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত সাড় ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমতিয়াজ লোহাগাড়ার উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়া এলাকার মুহাম্মদ লোকমান সওদাগরের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা শিশুতল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ঈগল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন