নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলাবাজার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—ফারাঙ্গা এলাকার হাফেজ মোহাম্মদ ইউনুসের দুই মেয়ে আয়শা আক্তার (১০) ও আমেনা বেগম (১১)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছোট বোন আয়শা পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে বড় বোন আমেনা পুকুরে ঝাঁপ দিলে সে-ও পানিতে তলিয়ে যায়।
বেশ কিছু সময় দুই বোনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরে দুই বোনকে ভেসে উঠতে দেখেন। সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যায় দুই বোনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এদিকে, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
একই পরিবারের দুই নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন