নিজস্ব প্রতিবেদক:
“মাদককে না বলুন, সন্ত্রাসকে প্রতিহত করুন—নিরাপদ সমাজ গড়ে তুলুন”―এই দৃপ্ত প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সুধী সমাবেশ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি থানার উদ্যোগে এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।
সুধী সমাবেশে বক্তারা বলেন, একটি পরিবারে মাদকের প্রবেশ শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং পুরো পরিবারকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদক, কিশোর অপরাধ ও সন্ত্রাস অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে সমাজের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। তাই মাদক ও সন্ত্রাস নির্মূলে কেবল এককভাবে পুলিশের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে একযোগে সামাজিক আন্দোলনে নামতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের আইনগত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। তবে এর পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট না করে, তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে পুলিশ ও জনতার যৌথ অংশগ্রহণে এক বিশাল র্যালি বের হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ স্লোগানে মুখরিত র্যালিটি ফটিকছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
অনুষ্ঠান থেকে একটি নিরাপদ, শান্তিময়, মাদক ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন