চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে গড়ে ওঠা একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে দেশীয় তৈরি ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টায় হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) এবং মোঃ কবির (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল মনসুরাবাদ কলোনিতে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় জামাল ও কবিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১টি পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি এবং ২টি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সরকারহাট বাজারে অবস্থিত ‘ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপ’-এ অভিযান চালায়। সিএনজি মেরামতের আড়ালে দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি হয়ে আসছিল। পুলিশ কারখানাটি থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে।
অভিযানের বিষয়ে জেলা পুলিশ জানায়, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার মূল হোতা ওয়ার্কশপ মালিক ওসমানসহ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় হাটহাজারী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন