নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় কেফায়েত উল্লাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রান কোম্পানির কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও শিশুটির পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার(২৬ আগষ্ট) বিকাল আনুমানিক সোয়া ৩ টার সময় ঘটনাটি ঘটেছে।
নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।
নিহতের বড় চাচা হালিমের বরাত দিয়ে জানা যায়, মোহাম্মদ আব্দুস সবুর লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখায় চাকরির সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যাংকের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান। পরে সিএনজি অটোরিকশা যোগে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় কেফায়েত উল্লাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাণ কোম্পানির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা পাঁচ বছর বয়সী আফনাস ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) এবং দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী উপজেলার ছদাহা এলাকায় দুর্ঘটনায় এক শিশু নিহত ও তাহার মা-বাবা আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে আফনাসের মর্মান্তিক মৃত্যুতে মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন