নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ২০০০ পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ও অস্ত্র বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক তিন ঘটিকার সময় লোহাগাড়া থানা উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহা’র নেতৃত্বে উপজেলার চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার সদর থানার খুরুসকুল (৬ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ তারেকুল ইসলাম (২৬) এবং একই এলাকার আহম্মেদ আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। ঘটনার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ফোটন (Foton) পিকআপ ভ্যানকে (রেজিঃ চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) সন্দেহ হলে থামার সংকেত দেয় পুলিশ। পরে চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনের পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা এবং ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাই করা একটি সচল পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কক্সবাজারের খুরুসকুল এলাকা থেকে এসব মাদক ও অস্ত্র নিয়ে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল। তাদের দলের অন্য সদস্য মামুন বাসযোগে আগেই চট্টগ্রাম শহরে পৌঁছায় এসব অস্ত্র ও ইয়াবার চালান গ্রহণ করার জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান , পলাতক আসামিকে গ্রেপ্তার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন