নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ অবৈধ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় জেলা এনএসআই (চট্টগ্রাম)-এর তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ। এ সময় কারখানাটিতে অনুমোদন ছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানার মালিক মোঃ আব্দুল মান্নান (পিতা: মৃত হাবিবুর রহমান)-কে ১৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার এএসআই মাহবুব সারোয়ারের নেতৃত্বে থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।
স্থানী সূত্রে জানা যায়, মেসার্স মা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন খুচরা দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে এই অস্বাস্থ্যকর আইসক্রিম বিক্রি ও বাজারজাত করে আসছিল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল পণ্য রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন