নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ফারুক (২৬) নামে এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬:৩০ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘হানিফ সুপার পরিবহন’ (ঢাকা মেট্রো- ব ১৫-৮৬২৭) নামীয় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে বাসের ‘ই-৪’ নম্বর সিটের যাত্রী মোহাম্মদ ফারুকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাসহ ঐ কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফারুক কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন