চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজানে ফিল্মি কায়দায় গাড়ি থামিয়ে সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পরই পুলিশি তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
গত ১১ আগস্ট (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার সেবাখোলা নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার শিকার মোঃ আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) তার কাতার প্রবাসী চাচাতো ভাই মোঃ রাসেলের অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। চাচাতো ভাইয়ের বসতবাড়ি নির্মাণের জন্য ইট ক্রয়ের অগ্রিম টাকা দিতে মোঃ রোহান ও মোঃ আরফাতকে সাথে নিয়ে একটি প্রাইভেটকারযোগে হলদিয়ার বৃন্দাবন এলাকার একটি ইটভাটার উদ্দেশ্যে রওনা হন তিনি।
বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ৫-৬ জনের একদল সশস্ত্র দুষ্কৃতিকারী প্রাইভেটকারটির গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে সাব্বিরের কাছ থেকে পুরো ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের খবর পাওয়া মাত্রই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারে রাউজান থানাকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ জান্নাতুন নাঈম রাজন ও এসআই মোহাম্মদ আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামেন। তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় ইয়াছিন নগরের সিকদার বাড়িতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মোঃ জয়নাল আবেদীন (৫২) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
রাউজান থানা পুলিশ জানায়, “ঘটনার সাথে জড়িত মূল চক্রটিকে চিহ্নিত করা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অবশিষ্ট ৬ লাখ টাকা উদ্ধারে আমাদের একাধিক টিমের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন