বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০ আগস্ট (বৃহস্পতিবার) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আবু তোরাব মোহাম্মদ হাসান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা জসিম উদ্দিন, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ও সমাজসেবক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, মাদ্রাসা গভর্নিং বডি সহ-সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আবু তোরাব মোহাম্মদ হাসান বলেন, ”মেধাবী শিক্ষার্থীরাই দেশের আসল ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল করলেই চলবে না; জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে আগামীতে তারা দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে পারে।”
অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় আজ এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের দাখিল পরীক্ষায় লোহাগাড়ার বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারা বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬২ জন পাস করেছে। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানে পাসের হার ৯৩.৯৪%।
মন্তব্য করুন